Header Ads

শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার


নোয়াখালীর সেনবাগ উপজেলায় শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচারের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে বৃহস্পতিবার রাতে ফেনী–নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকায় মাইশা স্টোরের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) এবং তার স্ত্রী বেবি আক্তার (২৩)।

অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী টিমের যৌথ একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা সেবারহাট পূর্ব বাজার এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ওই দম্পতিকে আটক করে।

পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮ গ্রাম ইয়াবা তৈরির পাউডার উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি স্বীকার করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা শিশুকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করছিল। তারা আরও জানায়, এর আগেও একইভাবে একাধিক চালান সেনবাগ এলাকায় সরবরাহ করেছে।

ডিএনসি নোয়াখালীর উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, আটক আসামিদের বিরুদ্ধে পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

No comments

Powered by Blogger.