ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত, আহত স্ত্রী-সন্তান
নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক মাদরাসার প্রধানশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তানরা গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মুগবুল আহমেদের ছেলে। তিনি স্থানীয় ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধানশিক্ষক ও মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্ত্রী তামান্না রহমান ও দুই মেয়েকে নিয়ে চৌমুহনীর একটি হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বের হন বেলাল ফতেহপুরী। পরে নোয়াখালী-ফেনী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত তার স্ত্রী ও সন্তানদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তি ও তার পরিবার পথচারী ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

No comments