Header Ads

পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা—নোয়াখালীতে মাদকসহ কারবারি আটক


নোয়াখালীর সদর উপজেলায় চিপসের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তির নাম আফসার উদ্দিন (৩২)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামের দক্ষিণ হিল্লা এলাকার ফরিদ আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাইজদীর মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে পাকা সড়কে বাঁধন পরিবহনের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় আফসারকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেটে রাখা একটি কালো কসটেপে মোড়ানো চিপসের প্যাকেটের ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

ডিবির ওসি মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হবে।

No comments

Powered by Blogger.