Header Ads

৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪

 

হাতিয়ায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় জ্বালানি পরিবহনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।

শনিবার (১১ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।



আটক ব্যক্তিরা হলেন— নলচিরা ইউনিয়নের মৃত মোশারেফ হোসেনের ছেলে মো. মিলন (২২), মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. রিয়াজ (২০), মো. কামরুলের ছেলে মো. স্বপন (২২) এবং মো. সাব্বিরের ছেলে মো. ফয়েল (১৯)।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে কোস্টগার্ড স্টেশন হাতিয়ার একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯১ হাজার টাকা।

অভিযানকালে জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত জ্বালানি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধ এবং অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.