Header Ads

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেপ্তার

 

কোম্পানীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ‘ডাকাত মাইস্যা’ (৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।



রোববার (১২ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক বিমল কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাইস্যাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ মোট ১৯টি মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানায় দায়ের হওয়া একাধিক ডাকাতির মামলায় তার সংশ্লিষ্টতার প্রমাণও মিলেছে।

গ্রেপ্তার মাইস্যা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া একটি মামলায় অপর আসামির ১৬৪ ধারার জবানবন্দিতেও তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তদন্তও চলমান রয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.