Header Ads

সিনিয়র–জুনিয়র বিরোধে কিশোর গ্যাংয়ের হামলা, নোয়াখালীতে ব্যবসায়ীর মৃত্যু


নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় মো. সেলিম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গৌরিপুর গ্রামের দুধির বাপের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম ওই বাড়ির মো. শাহজাহানের ছেলে ও পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

নিহতের বড় ছেলে মো. শাকিল জানান, তার ছোট ভাই অন্তর (১৫) একই গ্রামের জলকাটাগো বাড়ির সজল (১৭)-এর সঙ্গে মেলামেশা করত। শনিবার দুপুরে সজল তাকে ফোন করে নাম ধরে ডাকতে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে ‘সিনিয়র–জুনিয়র’ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে সজল অন্তরকে তার চাচাতো ভাইয়ের খলিল স্টোরে যেতে বললেও অন্তর আর বাইরে যায়নি।

শাকিলের অভিযোগ, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সজল তার সহযোগী শাওন, ফাহাদ, রিয়াদসহ কয়েকজনকে নিয়ে সন্ধ্যায় তাদের বাড়ির সামনে আসে। সেখানে অন্তরকে দেখে তারা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। শাকিল ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এরপর শোরগোল শুনে সেলিম পাশের মুদি দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে আসছিলেন। সে সময় সজল ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, ‘সিনিয়র–জুনিয়র’ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ভিকটিম ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। আকস্মিক একটি আঘাত তার মুখে লাগে এবং তিনি ঘটনাস্থলেই পড়ে মারা যান। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.