Header Ads

হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু


নোয়াখালীর হাতিয়া উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে অনির্বাণ (স্বর্ণ) (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার নিথর দেহ উদ্ধার করেন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনির্বাণ স্থানীয় আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা সুব্রত দাস রাজশাহী জেলার আরালি গ্রামের বাসিন্দা এবং মা অনুপমা হাওলাদার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়দের বরাতে জানা যায়, মায়ের প্রশিক্ষণজনিত কারণে অনির্বাণ নানির বাড়িতে থেকে পড়াশোনা করছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

No comments

Powered by Blogger.