Header Ads

হাতিয়ায় অভিযান: ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক


নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দোকানদারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তির নাম মো. আলাউদ্দিন (৪৬)। তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। চলমান জ্বালানি সংকটের মধ্যে তার এ কার্যক্রমে স্থানীয় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে জেলা এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে থানারহাট পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে দোকান থেকে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, জব্দকৃত ডিজেল থানারহাট পুলিশ ফাঁড়িতে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় আটক দোকানদারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

No comments

Powered by Blogger.