Header Ads

মাদক–সংক্রান্ত বিরোধে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২


নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে মাদক নিয়ে বিরোধের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা এলাকার বাংলা বাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানেই সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত নিরব স্থানীয় আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে। তিনি পেশায় একটি স'মিলের শ্রমিক ছিলেন।

বিরোধের সূত্র

পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিরব নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এরই মধ্যে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝি (২৮)-র ভাতিজার সঙ্গে মাদক নিয়ে তার বিরোধ তৈরি হয়।

রোববার সকাল ১০টার দিকে নিরব তিন সহযোগীকে নিয়ে বাংলাবাজার এলাকায় রুবেল মাঝির ওপর হামলা চালায়। এতে রুবেল মাঝির ৩–৪ জন অনুসারী ছুরিকাঘাতে আহত হন। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

দুপুর ১২টার দিকে নিরবের দল রুবেল মাঝির বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন নিরবকে ধরে ফেলে। এরপর তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশের বক্তব্য

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে নিরবকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তার মৃত্যু হয়। ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

No comments

Powered by Blogger.