Header Ads

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার


নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিলন (৪০) এবং তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজু (৩০)। সোমবার (১৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

র‍্যাব জানায়, প্রায় ১৫ বছর আগে মিলনের সঙ্গে নিহত নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। অভিযোগ রয়েছে, মিলন নিয়মিত তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

গত ১২ মার্চ ভোরে হাতিয়ার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে পারিবারিক বিরোধের জেরে মিলন তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে হাতিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ও র‍্যাব-৭ চট্টগ্রামের যৌথ টিম অভিযান চালিয়ে রোববার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকার ছোটপুল থেকে মিলনকে গ্রেপ্তার করে। পরে হালিশহর বড়পোল মোড় এলাকা থেকে সাহেদা আক্তার লাইজুকে আটক করা হয়।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments

Powered by Blogger.