Header Ads

দুই দিন ধরে বন্ধ হাতিয়া রুটের ফেরি চলাচল, ঘাটে আটকা পণ্যবাহী যান


বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট–নলচিরা নৌরুটে টানা দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ঘাট এলাকায় পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন চালক ও ব্যবসায়ীরা।

শুক্রবার (১ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।

ঘাট এলাকায় দেখা গেছে, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যান পারাপারের অপেক্ষায় আটকে আছে। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় মাছ, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

এদিকে নদী পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। ঘাট এলাকায় থাকা-খাওয়ার পর্যাপ্ত সুবিধা না থাকায় বিপাকে পড়েছেন চালকেরা।

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ থাকলেও একই নৌপথে ছোট নৌযান চলাচল করতে দেখা গেছে।

ইউএনও রাসেল ইকবাল জানান, সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর বৃহস্পতিবার থেকে নিরাপত্তার স্বার্থে চেয়ারম্যান ঘাট–নলচিরা রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

No comments

Powered by Blogger.