যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা: নোয়াখালীর চাটখিলে চাঞ্চল্য
নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবককে নির্মমভাবে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
নিহত মো. খোকন (৩২) চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. ফারুক হোসেনের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ৪ এপ্রিল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়।
এরপর ৫ এপ্রিল রাতের দিকে দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোপের মধ্যে স্থানীয়রা একটি অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, মরদেহটি পোড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা খোকনকে অন্যত্র নিয়ে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি পুড়িয়ে ফেলে রেখে যায়। তিনি আরও বলেন, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যাবে, তবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করেছে।
নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার ফলাফল হাতে এলে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

No comments