Header Ads

স্কুলছাত্রী অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায়


নোয়াখালীর সদর উপজেলার বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনিকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী জানান, মামলার সকল সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার একটি বাসা থেকে অদিতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং গলা, হাত ও পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া যায়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার রাতেই পুলিশ সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা, বালিশসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

নিহত অদিতা লক্ষ্মীনারায়ণপুর এলাকার মৃত রিয়াজ হোসেন সরকারের মেয়ে। তার মা রাজিয়া সুলতানা বেগম বেগমগঞ্জ উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।

পরিবারের অভিযোগ, অদিতা কিছুদিন আগে রনির কাছে পড়াশোনা বন্ধ করে অন্যত্র কোচিং শুরু করলে তিনি ক্ষুব্ধ হন। ঘটনার দিন অদিতার মা বাসায় না থাকার সুযোগে রনি বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে বিষয়টি গোপন করতে তিনি নৃশংসভাবে হত্যা করেন এবং ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামির শরীরে আঁচড়ের দাগ এবং পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যার অস্ত্রসহ অন্যান্য প্রমাণ উদ্ধার করা হয়।

মামলার বিচার চলাকালে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় প্রদান করেন।

এ হত্যাকাণ্ডের পর নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন।

No comments

Powered by Blogger.