মাদরাসা ছাত্রীর আত্মহত্যা: বজ্রপাতে মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগ পরিবারের বিরুদ্ধে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আত্মহত্যার ঘটনাটি গোপন করতে তার পরিবার বজ্রপাতে মৃত্যুর গুজব ছড়িয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তানজিনা ওই এলাকার বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে এবং চরবাটা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাতের কোনো এক সময়ে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তানজিনা। তবে পরদিন সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও গণমাধ্যমকে জানান—ভোরে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। সেখানে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত না পেয়ে সন্দেহ সৃষ্টি হয়। পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধানে এটি আত্মহত্যা বলে নিশ্চিত হওয়া যায়।
সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, শুরুতে তাদের কাছে বজ্রপাতে মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই দাফনের চেষ্টা করা হচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

No comments