Header Ads

ছাদের পানির ট্যাংকে লুকানো ডিজেল: সুবর্ণচরে ৭৫০ লিটার জব্দ, জরিমানা


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি বসতবাড়ির ছাদের পানির ট্যাংকে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। অভিযানে চরজব্বর ইউনিয়নের বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকে বিপুল পরিমাণ ডিজেল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরেই পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল মজুত করা হচ্ছিল। পানির বদলে ট্যাংকে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের আশঙ্কা, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুত রাখা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা ডিজেল বাজেয়াপ্ত করে তাৎক্ষণিকভাবে চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত এক ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।

No comments

Powered by Blogger.