Header Ads

নোয়াখালীতে অভিযান: ১,৩৩০ লিটার চোরাই ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ২


নোয়াখালীর হাতিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাই ডিজেল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট ১,৩৩০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়া পৌরসভার পাঁচ বিঘা এবং এমপির পোল এলাকায় অভিযান চালিয়ে এই উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন—হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মো. রাসেল (২২) এবং ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মো. জাফর (৩৫)।

পুলিশ জানায়, দেশে চলমান পরিস্থিতিতে অবৈধভাবে তেল মজুদ রোধে হাতিয়ার বিভিন্ন বাজার ও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে দুপুর ১২টার দিকে পাঁচ বিঘা গ্রামের নবীর ভূঁইয়া স’মিলের উত্তর পাশের সড়ক থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে এমপির পোল এলাকা থেকে আরও ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেল জব্দ করা হয়।

অভিযানের সময় চোরাই ডিজেল সংরক্ষণের অভিযোগে ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ কবির হোসেন আরও জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments

Powered by Blogger.