সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে আগাম ঈদ উদযাপন
নোয়াখালীর বিভিন্ন এলাকায় সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত ছয়টি গ্রামে শুক্রবার (২০ মার্চ) সকালে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে নিজ নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেন এসব গ্রামের বাসিন্দারা। তারা দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।
যেসব এলাকায় ঈদ উদযাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর, লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়ণপুর; কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর; বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এবং জিরতলী ইউনিয়নের ফাজিলপুর এলাকার একটি মসজিদকেন্দ্রিক গ্রাম।
নোয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআই ওয়ান) মো. আলতাফ হোসেন জানিয়েছেন, অন্তত চারটি এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, হযরত আবদুল কাদির জিলানী (রহ.)-এর অনুসারী কাদেরিয়া তরিকার অনুসারীরা প্রায় একশ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।

No comments